শেষ বিকেলের ইংল্যান্ডের আক্ষেপ

ক্রীড়া ডেস্ক : দিনের বাকি আর এক ওভার। ১৮৭ রানে ৫ উইকেট হারানোর পর বেন স্টোকস ও জনি বেয়ারস্টোর ৬৫ রানের জুটিটাও তখন বেশ জমে উঠেছিল। কাগিসো রাবাদার দিনের শেষ বল। সেই বলেই দারুণ এক ইয়র্কারে স্টোকসকে বোল্ড করে ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিকে নিরব বানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকান পেসার।

সিরিজের চতুর্থ এই টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে স্টোকসের ওই উইকেটটা হারিয়ে বেশ চাপে আছে ইংল্যান্ড। শুক্রবার প্রথম দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ২৬০ রান। ৩৩ রানে অপরাজিত আছেন বেয়ারস্টো। ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নামা টবি রোল্যান্ড-জোন্স এখনো কোনো বল মোকাবিলা করেননি। মঈন আলী অবশ্য এখনো নামেননি।

এদিন টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। কিন্তু ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি। দলের ৩৫ রানেই ফিরে জান কেটন জেনিংস। আরেক ওপেনার অ্যালিস্টার কুক টম ওয়েস্টলিকে সঙ্গে নিয়ে দলকে ৯২ পর্যন্ত টেনে নিয়েছিলেন। কিন্তু এরপরই জোড়া ধাক্কা। দলের স্কোর একই জায়গায় রেখে ফিরে যান কুক (৪৬) ও ওয়েস্টলি (২৯)।

এরপর চতুর্থ উইকেটে ডেভিড মালানের সঙ্গে ৫২ ও পঞ্চম উইকেটে স্টোকসের সঙ্গে ৪৩ রানের দুটি জুটি গড়েন অধিনায়ক রুট। ৫২ রান করার পথে তিনি ৫ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন। এই নিয়ে টানা ১০ টেস্টে ফিফটি বা এর বেশি রানের ইনিংস খেললেন রুট। তিনি ছুঁয়ে ফেললেন জন এডরিচের ইংলিশ রেকর্ড। ১৯৬৯-৭১ মৌসুমে রেকর্ডটা গড়েছিলেন এডরিচ। টানা ১২ টেস্টে ফিফটি বা এর বেশি রানের ইনিংস খেলে বিশ্ব রেকর্ডটা এবি ডি ভিলিয়ার্সের দখলে।

রুটের বিদায়ের পর ইংল্যান্ড স্টোকস-বেয়ারস্টোর ব্যাটেই দিন শেষ করবে বলে মনে হচ্ছিল। কিন্তু শেষ বিকেলে রাবাদার ওই ইয়র্কারে স্টোকসকে হারানোর আক্ষেপ নিয়ে দিন শেষ করতে হয় স্বাগতিকদের। প্রথম দিনে ৫২ রানে ২ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার রাবাদাই। আরেক পেসার ডুয়ান অলিভিয়েরও ২ উইকেট নিয়েছেন ৭২ রানে।