ষ্টাফ রিপোর্টারঃ শ্রীনগরে জাপা নেতার নিয়মবহির্ভূতভাবে নির্মানাধীন ভবনের ছাদে বিদ্যুৎ স্পৃষ্টে আরিফা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যার দিকে উপজেলার দেউলভোগ এলাকার জাতীয় পার্টি নেতা আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আবুল হোসেনের নির্মিত ভবনের পাশ ঘেসে বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারের সাথে স্পৃষ্ট হলে দুতালা থেকে শিশিুটি ছিটকে মাটিতে পড়ে যায়। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এলাকাবাসী। পরে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় শিশু আরিফাকে ঢাকার মিডফোর্ট হাসপাতালে প্রেরন করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতের ১১ টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।
আরিফার বাবা দিনমজুর মো. আরিফ জানান, প্রায় দেড় যুগ ধরে দেউলভোগ এলাকায় তারা বসবাস করে আসছেন। একমাত্র মেয়ের মৃত্যুর ঘটনায় তিনি এখন বাকরুদ্ধ।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়তুল ইসলাম ভূঞার কাছে এ ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।


