শ্রীনগরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

সুমন হোসেন শাওন, ষ্টাফ রিপোর্টারঃ ‘‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই শ্লোগানকে সামনে রেখে শ্রীনগরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৯ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বন বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বনবিথী চত্বরে ইউএনও মো. জাহিদুল ইসলাম এই মেলা উদ্বোধনের ঘোষনা দেন।
এর আগে সকালে বৃক্ষ মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা কৃষি অফিসার শান্তনা রানী, ফরেষ্টার মো. সেলিম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, উপজেলা আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা মোহাম্মদ নোমান প্রমুখ। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়।