ক্রীড়া ডেস্ক : তিন টেস্ট, পাঁচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে এ মাসে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত ক্রিকেট দল। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরসূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
আগামী ২৬ জুলাই দুই দলের প্রথম টেস্ট শুরু হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। কলম্বোর এসএসসিতে দ্বিতীয় টেস্ট শুরু ৩ আগস্ট। তৃতীয় ও শেষ টেস্ট হবে পাল্লেকেলেতে ১২ আগস্ট থেকে।
পাঁচ ওয়ানডের প্রথমটি হবে ডাম্বুলায়। পাল্লেকেলে ও খেত্তারামায় হবে দুটি করে ম্যাচ। একমাত্র টি-টোয়েন্টিও খেত্তারামায়। সিরিজে কোনো প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেনি এসএলসি।
ভারত সবশেষ শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ২০১৫ সালে। সেবার শুধু টেস্ট খেলেছিল দুই দল। তিন ম্যাচের সিরিজ ভারত জিতেছিল ২-১ ব্যবধানে।
শ্রীলঙ্কা-ভারত সিরিজের সূচি
প্রথম টেস্ট: ২৬-৩০ জুলাই, গল
দ্বিতীয় টেস্ট: ৩-৭ আগস্ট, কলম্বো
তৃতীয় টেস্ট: ১২-১৬ আগস্ট, পাল্লেকেলে
প্রথম ওয়ানডে: ২০ আগস্ট, ডাম্বুলা
দ্বিতীয় ওয়ানডে: ২৪ আগস্ট, পাল্লেকেলে
তৃতীয় ওয়ানডে: ২৭ আগস্ট, পাল্লেকেলে
চতুর্থ ওয়ানডে: ৩১ আগস্ট, খেত্তারামা
পঞ্চম ওয়ানডে: ৩ সেপ্টেম্বর, খেত্তারামা
একমাত্র টি-টোয়েন্টি: ৬ সেপ্টেম্বর, খেত্তারামা।


