সকল মাদ্রাসাসহ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা এই মুহূর্তে সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : শনিবার সকালে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিসার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে তিনি।

আমু বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই। তাদের দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করা যেতে পারে। এ জন্য বেসরকারি শিক্ষকদের ধৈর্য ধারণ করতে হবে।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সকল মাদ্রাসাসহ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা এই মুহূর্তে সম্ভব নয়।

তিনি বলেন, হাইস্কুল সরকারি হলে মাদ্রাসাকেও সরকারি করার দাবি জানানো হয়েছে। কিন্তু সরকার কোনো হাইস্কুল জাতীয়করণ করছে না। তবে প্রতিটি উপজেলায় একটি করে সরকারি হাইস্কুল করার পরিকল্পনা রয়েছে সরকারের।

 

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিসার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে শিল্পমন্ত্রী আরো বলেন, আগে বিদেশি সাহায্য নির্ভর জাতীয় বাজেট হতো। এখন সরকার নিজস্ব আয়ে জাতীয় বাজেট প্রণয়ন করছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছে। পায়রা সমূদ্র বন্দর হচ্ছে। পদ্মা সেতু আর পায়রা সমূদ্র বন্দর নির্মাণ সম্পন্ন হলে দক্ষিণাঞ্চল দক্ষিণ এশিয়ার সেরা বাণিজ্য কেন্দ্রে পরিণত হবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন বস্ত্র প্রতিমন্ত্রী, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট্রের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক মো. শান্ত ইসলাম। সম্মেলনে বরিশাল বিভাগের ছয় জেলার মাদ্রাসা জেনারেল টিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।