ক্রীড়া ডেস্ক : চলতি মাসের শুরুতেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মিসবাহ উল হক। ফলে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজটাই পাকিস্তানের জার্সিতে শেষ মিসবাহর জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের শুরুটা জয় দিয়ে রাঙিয়েছে পাকিস্তান। আর নিজের বিদায়ী টেস্টের শুরুতে জয় পাওয়ায় সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন মিসবাহ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটনের স্যাবিনা পার্কে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৯৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মিসবাহ। ১ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও শেষপর্যন্ত দলের জয়ে ভূমিকা রাখতে পারায় উচ্ছ্বসিত মিসবাহ।
ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের পর মিসবাহ বলেন, ‘আর কেউ না হলেও আমি এ ম্যাচটি উপভোগ করেছি। এটি বিশেষ একটি জয়। সতীর্থরা আমাকে আরও একটি ম্যাচ উপহার দিয়েছে। এজন্য আমি তাদের ধন্যবাদ দিতে চাই। দ্বিতীয় ইনিংসে আমির ও ইয়াসির অবিশ্বাস্য ছিল। ছয় উইকেট নিয়ে ইয়াসির গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে।’
কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৭ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। ব্রিজটাউনে আগামী ৩০ মে দ্বিতীয় টেস্টে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে মিসবাহ উল হকের দল।


