সন্তুষ্ট হতে পারেননি ম্যানইউ কোচ হোসে মরিনহো

ক্রীড়া ডেস্ক : উয়েফা ইউরোপা লিগে সেমিফাইনালের প্রথম লেগে সেল্টা ভিগোর বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে প্রতিপক্ষের মাঠে শিষ্যদের এমন জয়েও সন্তুষ্ট হতে পারেননি ম্যানইউ কোচ হোসে মরিনহো।

মার্কাস রাশফোডের একমাত্র গোলে সেল্টার বিপক্ষে ১-০ গোলে লিড পেয়েছে ম্যানইউ। দ্বিতীয়ার্ধে ফ্রি কিক থেকে রাশফোডের কল্যাণে একমাত্র গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে দলটি। তবে গোল ব্যবধান বড় না হওয়ায় খুশি হতে পারেননি মরিনহো।

ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে মরিনহো তার বক্তব্যে বলেন, ‘শিষ্যদের পারফরম্যান্সে আমি খুবই খুশি। তবে ফলাফলে খুশি হতে পারিনি। আমরা ভালো ফলাফলের জন্য যথেষ্ট পারফর্ম করেছি। কিন্তু মাত্র এক গোলের ব্যবধানে এগিয়ে থেকেই ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগে নামতে হবে আমাদের। প্রথমার্ধেই তিনটা কি কমপক্ষে দুটি গোল হওয়া উচিত ছিল। আমরা জিততে চাইছিলাম। আমরা সুযোগ হারিয়েছি। তবে দল অসাধারণ খেলেছে। আশা করছি ওল্ড ট্রাফোর্ডে আমরা ভালো করতে পারবো।’