সব মিলিয়ে বলতে গেলে এই সফরটা সফল বলতে হবে: সাকিব

ক্রীড়া প্রতিবেদক : শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করেছিল বাংলাদেশ। এরপর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। পরপর দুটি বড় সাফল্য পেয়ে এখন বেশ উজ্জীবিত, অনুপ্রাণিত গোটা দল। যেটা সেপ্টেম্বরের এশিয়া কাপে কাজে দেবে বলে মনে করেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এই সফরেই দেশের বাইরে ৯ বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ৬ বছর পর দেশের বাইরে জিতেছে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজও। দেশের বাইরে এক সফরে এত সাফল্য বাংলাদেশ খুব কমই পেয়েছে। পুরো সফরে নিজেদের পারফরম্যান্স নিয়ে তাই সন্তুষ্ট সাকিব। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘ সফর শেষে আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব বলেন, ‘সব মিলিয়ে বলতে গেলে এই সফরটা সফল বলতে হবে, তিনটা ট্রফির মধ্যে দুইটা জিতেছি। দেশের বাইরে তো এরকম ফলাফল আমরা করি না সাধারণত। খুবই সন্তুষ্ট।’ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর সাকিবের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। তবে টি-টোয়েন্টি সিরিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়ও। নিজেরসহ সিনিয়রদের পারফরম্যান্স নিয়ে খুশি সাকিব, ‘নিজের পারফরম্যান্স নিয়ে অবশ্যই খুশি। হয়ত আরো অবদান রাখতে পারলে আরো ভালো হতো। সব মিলিয়ে যে ধরনের পারফরম্যান্স হয়েছে, তা নিয়ে খুবই আনন্দিত।’ পুরো সফরে অবশ্য সিনিয়ররাই ছিলেন দলের মূল ভরসা। তরুণরা সেভাবে অবদান রাখতে পারেননি। দলের ৭১ শতাংশ রানই করেছে সিনিয়ররা। এ নিয়ে সাকিবের মন্তব্য, ‘দেখুন, যাদের নাম বললেন আমরা ব্যাট করি ওপরের দিকে। ব্যাট করার সুযোগটা বেশি পাই, স্বাভাবিকভাবে অবদান রাখার সুযোগ আমাদেরই থাকবে এবং আমাদেরই করা উচিত। সে কারণে আমাদের অবদানের পারসেন্টেজ বেশি হয়।’ সীমিত পরিসরে পরপর দুটি সিরিজ জিতে দলের সবার আত্মবিশ্বাস এখন তুঙ্গে, যা এশিয়া কাপে কাজে দেবে বলে বিশ্বাস সাকিবের, ‘আসলে সবার আত্মবিশ্বাস অনেক উঁচুতে। বিশেষ করে এরকম একটা ভালো সিরিজের পর আমি বিশ্বাস করি, এখান থেকে হয়ত নতুন কিছু করার দিকে চিন্তা করতে পারি। যেটা আমাদের সামনে এশিয়া কাপে অনেক কাজে দেবে।