ক্রীড়া ডেস্ক: ‘ডিফেন্ডিং’চ্যাম্পিয়ন ভারত আসরের অন্যতম ফেবারিট। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সেভাবেই শুরু করেছিল বিরাট কোহলির দল। কিন্তু এশিয়ার বর্তমান আন্ডারডগ শ্রীলঙ্কা উড়িয়ে দেয় ভারতকে। দক্ষিণ আফ্রিকার শুরুটাও ছিল ইতিবাচক। শ্রীলঙ্কাকে হারিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ধরাশয়ী তারা। পাকিস্তানের কাছে বড় ব্যবধানে পরাজয়ের ধাক্কা হজম করতে হয় তাদেরকে।
দুই হট ফেবারিট এবার সেমির লড়াইয়ে মুখোমুখি। দক্ষিণ আফ্রিকাকে হারাতে আজ বাড়তি স্পিনার নিয়ে খেলবে ভারত। দলে আসবেন রবিচন্দ্রন অশ্বিন। কেদার যাদবের জায়গায় খেলবেন অশ্বিন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তনের সুযোগ কম। তবে জ্বলে উঠার অপেক্ষায় আছেন এবি ডি ভিলিয়ার্স। টুর্নামেন্টের দুই ম্যাচের একটিতেও আলো ছড়াতে পারেননি প্রোটিয়া অধিনায়ক। আজ জ্বলে উঠলে কপাল পুড়বে ভারতীয় বোলারদের।
যে দলই জিতুক, ক্রিকেটপ্রেমিরা যে আজ আরেকটি জমজমাট ম্যাচ উপভোগ করতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম অঘটনের জন্ম দিয়েছিল পাকিস্তান। পরের দিন সব থেকে বড় ধাক্কাটি হজম করে ভারত। হেরে যায় আন্ডারডগ শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর নিউজিল্যান্ডকে মাটিতে নামিয়ে আনে বাংলাদেশ।
বাংলাদেশের জয় চ্যাম্পিয়নস ট্রফির উত্তেজনায় পূর্ণতা আনে। চ্যাম্পিয়নস ট্রফির উত্তেজনা, উন্মাদনা এখন ছড়িয়ে গেছে পুরো ক্রিকেট বিশ্বে। আজ উত্তেজনাপূর্ণ আরেক ম্যাচে মুখোমুখি দুই জায়ান্ট ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলের ম্যাচটি অঘোষিত কোয়ার্টার ফাইনাল। হারলে বিদায়, জিতলে সেমিফাইনাল; এমন সমীকরণের মুখোমুখি দাঁড়িয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় আজ বেলা সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।


