‘সর্বত্র স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন দেয়া হবে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনসহ সর্বত্র স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন দেয়া হবে।

রোববার (২৫ এপ্রিল) তার সরকারি বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, লকডাউনের পরে গণপরিবহন চলাচলে সুযোগ দেয়া হলে সবাইকে স্বাস্ববিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে।

সারাদেশে গত ১৪ এপ্রিল শুরু হওয়া কঠোর লকডাউন শেষ হওয়ার কথা ছিল ২১ এপ্রিল। তার আগেই রোববার রাতে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় ‘সর্বাত্মক লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করা হয়। এরপরই সোমবার মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভা থেকে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত আসে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আরও এক সপ্তাহ লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।