সর্বাত্মক লকডাউনের ঘোষনায় আজও রাজধানী ছাড়ার হিড়িক

সর্বাত্মক লকডাউনের খবরে রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। পণ্যবাহী ট্রাকেও ছুটছে ঘরমুখো মানুষ।

পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটেও যাত্রী ও যানবাহনের চাপ। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। গণপরিবহন বন্ধ থাকায় যে যেভাবে পারছেন, ছুটছেন বাড়ির পথে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল। ঢাকা-আরিচা মহাসড়কের বিশাল অংশ জুড়ে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি।

এক যাত্রী বলেন, ‘লকডাউনের কারণে তাড়াহুড়ো করে বাড়িতে চলে যাচ্ছি। পরে আবার গাড়ি চলবে না। বাড়িতেও যেতে পারব না। বাড়িতে যেতে না পারলে লকডাউনে ঢাকাতে না খেয়ে মরতে হবে।’

এছাড়া মহাসড়কগুলোতেও রয়েছে যানবাহনের চাপ। ট্রাক, সিএনজি, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনে করে বাড়ি ফিরছেন অনেকে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় পর্যন্ত রয়েছে প্রচণ্ড যানজট।