সাংবাদিকতা শেখানোর প্রলোভন দেখিয়ে প্রতারণা, ভুয়া ‘বিএস টিভি’র ১০ সদস্য আটক

সাংবাদিকতা শেখানোর প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। প্রতিষ্ঠিত চ্যানেলের লোগো ফটোশপ করে নিউজ করার ভয়ভীতি দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ চক্রের ১০ সদস্যকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে এমন তথ্য।

কথিত সাংবাদিকদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে র‍্যাব।

কথিত বঙ্গবন্ধু স্যাটেলাইট টিভির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আলী রেজা রাজু যশোর জেলার প্রতিনিধি হওয়ার জন্য দিয়েছেন ২৫ হাজার টাকা। আইডি কার্ডসহ আরও সরঞ্জামাদির জন্য এক তরুণকে দিতে হয়েছে মোট ৭৫ হাজার টাকা। এছাড়াও কোনো সংবাদ পাঠালে সম্পাদনার নামে টাকা চাইত বঙ্গবন্ধু স্যাটেলাইট বা বিএস টিভি কর্তৃপক্ষ। এভাবে অসংখ্য তরুণ-তরুণীরকে সাংবাদিক করে দেয়ার নাম করে হাতিয়ে নেয়া হতো লাখ লাখ টাকা।

রোববার (২১ মার্চ) রাজধানীর হাতিরঝিল ও মতিঝিলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এ প্রতারক চক্রের দুই মূল হোতা শাহিন খান ও নুর হোসেন ওরফে নাহিদসহ ১০ জনকে।

সোমবার (২২ মার্চ) র‌্যাব-৪ এর অধিনায়ক মো. মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে বলেন, এ চ্যানেলের কোনো অনুমোদন নেই, শুধুমাত্র একটি ট্রেড লাইসেন্স নিয়ে তারা এ ব্যবসায় জড়িত। এটি একটি প্রতারক টেলিভিশন চ্যানেল। এটি তারা বুঝতে পারেনি এ কারণে হাতিরঝিল ও মতিঝিলে তাদের নিজস্ব ভবন আছে।

র‍্যাব বলছে, ইতিমধ্যে যারা তাদের কাছে প্রতারণার শিকার হয়েছেন, তারা মামলা করলে তাদের আইনি সহায়তা দেয়া হবে।