সাতক্ষীরায় একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার
সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটার সমনডাঙ্গার একটি মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, নগরঘাটার সমনডাঙ্গা বিলে একটি মৎস্য ঘেরে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওই যুবকের পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি।
ওসি আরও বলেন, মরদেহটিতে পচন ধরায় অনেকাংশ মাছে খেয়ে ফেলেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।