হেলাল উদ্দীন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে দেলবার হোসেন (৩০) নামে এক কৃষক নিহত ও মিলন হোসেন (২৮) নামে আরেক কৃষক আহত হয়েছেন। শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার জালালাবাদ মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত দেলবার হোসেন উপজেলার একড়া গ্রামের দুখে দফাদারের ছেলে ও আহত মিলন হোসেন জালালাবাদ গ্রামের মান্দার মোল্যার ছেলে।
জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ জানান, শনিবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে তারা দুই জন পাশাপাশি জমিতে আমন ধানের চারা রোপন করছিলেন। এ সময় আকাশে ব্যাপক আকারে বিদ্যুৎ চম্কাচ্ছিল। এক পর্যায়ে হঠাৎ একটি বজ্রপাত দেলবারের মাথার উপর পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং পাশের জমিতে থাকা মিলন হোসেন গুরুতর আহত হয়।বর্তমানে আহত মিলন কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।কলারোয়া থানারঅফিসার ইনচার্জ মুনীর-উল গীয়াস ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।


