সাতক্ষীরা: সাতক্ষীরা বাইপাস সড়কে সোহাগ পরিবহনের ধাক্কায় মোমেনা খাতুন (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে বাইপাস সড়কের খেজুরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোমেনা খাতুন সদর উপজেলার তালতলা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রফিকুল ইসলাম ও তার স্ত্রী মোমেনা খাতুন মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে খেজুরডাঙ্গা এলাকায় পেছন থেকে সোহাগ পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার পাশে ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মোমেনা খাতুনকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


