সাদা পোশাকে খেলার সুযোগ পেলে হাতছাড়া করবেন কেন?

নিউজ ডেক্স: কিছুদিন আগে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তবে এখনও আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেননি টাইগারদের ওয়ানডে অধিনায়ক। আবারও টেস্ট ক্রিকেট খেলতে মাঠে নামবেন এমন আশা হয়তো তিনি নিজেও করেন না।

তবে সাদা পোশাকে খেলার সুযোগ পেলে হাতছাড়া করবেন কেন? আসন্ন ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে আবারও সাদা পোশাকে খুলনার হয়ে মাঠে নামতে পারেন তিনি। তিনি খেলতে চান এমনটা জানিয়ে দিয়েছেন এরই মধ্যে বিসিবি ও খুলনা বিভাগীয় কর্মকর্তাদের। সে হিসেবে জাতীয় ক্রিকেট লিগে খুলনার প্রাথমিক ২০ সদস্যের দলে রাখা হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ওয়ালটন ১৮তম জাতীয় ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা থাকলেও পেছানোরও সম্ভাবনা রয়েছে। এ মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। সফরের আগে অন্তত দু’টি ম্যাচ খেলতে চান মাশরাফি। সব ঠিক থাকলে হয়তো আগামী ১৫ সেপ্টেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সাদা পোশাকে মাঠে নামবেন তিনি। ক্যালেন্ডারের হিসেবে তিন বছর পর জাতীয় লিগে মাঠে নামা হবে তার।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা রয়েছে। তবে জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর ও হাই পারফরমেন্স টিমের ইংল্যান্ড সফরের কারণে জাতীয় লিগে অংশগ্রহণকারী কয়েকটি দল লিগ পেছানোর জন্য আবেদন জানিয়েছে। যদিও জাতীয় ক্রিকেট লিগ পেছানো নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি বিসিবির টুর্নামেন্ট কমিটি।