কাতারে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আফগানদের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান। তবুও হাল ছাড়তে নারাজ বাংলাদেশ ফুটবল দল। শতভাগ উজাড় করে দিয়ে আফগানদের বিপক্ষে সাফল্য পেতে আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
নতুন সূচি অনুযায়ী বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে বাকি তিন ম্যাচ কাতারে খেলবে বাংলাদেশ।বাছাইপর্বের ম্যাচে আজ বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
আফগানদের বিপক্ষে ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক জামাল বলেন,’আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে। ওরা অনেক শারীরিকভাবে শক্তিশালী। আমাদের চেয়ে লম্বা কিন্তু আমরাও টেকনিক্যালি শক্তিশালী। এগিয়ে আছি কিছুটা। আমাদের গতি আছে। চেষ্টা করব সেরাটা খেলার, শতভাগ দেওয়ার। আমরা ৩ পয়েন্ট পেতে আশাবাদী।’
আফগানদের বিপক্ষে লড়াইয়ের পর আগামী ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। যদিও এই তিনটি ম্যাচ বাংলাদেশেই হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সবগুলো অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে।


