গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে ৯টি জেব্রার মৃত্যুর রহস্য না কাটতেই আরও দুটি জেব্রার মৃত্যু হলো। শনিবার (২৯ জানুয়ারি) সকালে পালের দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ে যায়। তাৎক্ষণিক জেব্রা দুটিকে চিকিৎসা দেওয়া হলেও কিছুক্ষণ পরই একটি মারা যায়। আর সন্ধ্যায় মৃত্যু হয় অপর প্রাণীটির।
সাফারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবীর জানান, শনিবার সকালে পালের দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ে যায়। এরপরই দুটি জেব্রার চিকিৎসা শুরু হয়। মুখ দিয়ে লালা পড়া, পেট ফুলে যাওয়া ও হাঁটতে পারছিল না প্রাণী দুটি। এরপর সকালে একটি জেব্রা মারা যায় আর সন্ধ্যার পর মারা যায় অপরটি। এ নিয়ে পার্কে ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ১১টি জেব্রা মারা গেছে।
সাফারি পার্কে চলতি মাসে ৯টি জেব্রা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং করণীয় বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর মধ্যেই আরও দুটি জেব্রা অসুস্থ হয়ে মারা গেল।
পরপর ১১টি জেব্রার মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ যে কারণ দেখাচ্ছে, তা মানতে নারাজ প্রাণী বিশেষজ্ঞরা। তারা বলছেন, সংঘর্ষে জড়িয়ে মৃত্যু সন্দেহজনক। দিয়েছেন অন্যান্য প্রাণীর জীবন রক্ষায় মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করার তাগিদ।


