নিজস্ব প্রতিবেদকঃ সাভারের সালেহপুরে দাঁড়িয়ে থাকা একটি পেঁয়াজবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতিতে আসা প্রাইভেটকারের ধাক্কায় দু’জন নিহয় হয়েছে। মঙ্গলবার সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ভোর ৬টার দিকে সালেহপুর এ দুর্ঘটনায় ঘটে।
এ ঘটনার আহত প্রাইভেটকারের আরো তিন যাত্রী, তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, ঢাকা জেলার দোহার থানার ফেরদৌস আলমের স্ত্রী পুতুল বেগম ও চালক ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার মিলন খাঁর ছেলে জামাল খাঁ।
হাইওয়ে পুলিশ জানায়, ভোরে সালেহপুর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পেঁয়াজবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকাগামী দ্রুতগতির প্রাইভেটকারটি। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।
আহত আরও তিনজনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হতাহতরা সবাই রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহত তিনজনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি তাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা এলে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।


