সামিকে বাদ দিতে চান শচিন!

স্পোর্টস ডেস্কঃ ভুবনেশ্বরের কুমারের ইনজুরিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ শামি। সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই করেছিলেন হ্যাটট্রিক, দলকে এনে দিয়েছিলেন ১১ রানের স্বস্তির জয়।

তবু কি-না জিততে পারেননি দেশের কিংবদন্তি শচিন টেন্ডুলকারের মন। কারণ শচিন পরের ম্যাচের একাদশেই দেখতে চাচ্ছেন না শামিকে। এর পেছনে অবশ্য যুতসই ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর।

তার মতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে শামির চেয়ে বেশি কার্যকর হতে পারেন ভুবনেশ্বর। আর যেহেতু ইনজুরি কাটিয়ে নেটে ফিরেছেন ভুবি, তাই গেইল-লুইসদের বিপক্ষে তাকেই দলে দেখতে চান শচিন।

ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শচিন বলেন, ‘শামির জন্য দূর্ভাগ্যজনকই বলা চলে। তবু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমি ভুবনেশ্বরকেই দলে নেবো। কারণ টুর্নামেন্টে ভুবনেশ্বরই আমাদের প্রথম চয়েজ। তাই তার যদি ইনজুরি সমস্যা না থাকে তাহলে আমার দলে সেই থাকবে।’

বিশেষ করে গেইলকে থামানোর জন্য হলেও ভুবনেশ্বরকে দরকার বলে মন্তব্য করেন শচিন। তিনি বলেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশেষ করে ভুবনেশ্বরকেই চাইবো। কারণ একটাই, ক্রিস গেইল। আমি মনে করি গেইলকে আউট করতে হলে তাকে আউটসুইং খেলাতে হবে। যেটা ভুবনেশ্বরই ভালো পারে।’