সারেকে উড়িয়ে দিয়ে শিরোপা নটিংহ্যামশায়ারের

ক্রীড়া ডেস্ক : রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের ফাইনালে মুখোমুখি হয় সারে ও নটিংহ্যামশায়ার। টস জিতে সারে প্রথমে ব্যাট করতে নামে। মার্ক স্টনিম্যানের অপরাজিত ১৪৪ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে রানা সারে। জবাবে আলেক্স হেলসের রেকর্ড গড়া অপরাজিত ১৮৭ রানের ইনিংসে ৪ উইকেট ও ১৩ বল হাতে রেখে জয় তুলে নেয় নটিংহ্যামশায়ার। পাশাপাশি শোকেসে তোলে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের শিরোপাও। ২০১৩ সালের পর এই প্রথম শিরোপা জিতল নটিংহ্যাম। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো ফাইনালে হারল সারে।

২৯৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫ রানেই প্রথম উইকেট হারায় নটিংহ্যামশায়ার। ৯ বলে ৪ রান করে ফিরে যান মাইকেল লাম্প। ৬০ রানেই দ্বিতীয় উইকেট হারায় নটস। ৯ বলে ৬ রান করে এবার ফিরে যান রিকি ওয়েসেলস। ১০৪ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পরে ক্রিস রেড বাহিনী। ১১ বলে ৭ রান করে এবার ফিরে যান সামিত প্যাটেল। ১২৮ রানের মাথায় ব্রেন্ডান টেলর বিদায় নিলে রীতিমতো ব্যাকফুটে চলে যায় নটিংহ্যামশায়ার।

নির্দিষ্ট বিরতিতে উইকেট পড়তে শুরু করলেও ব্যাটিংয়ে ছন্দপতন ঘটেনি আলেক্স হেলসের। একদিকে যখন নিয়মিত বিরতিতে উইকেট পড়ছিল অন্যদিকে হেলস ব্যাট হাতে তা-ব চালাতে থাকেন। সারের বোলারদের তুলোধুনো করতে থাকেন। ৮৩ বলে ১৪টি চার ও ১ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন। শুরুতে ব্যাট করতে নেমে ছয়জন সঙ্গীকে হারালেও হেলস ছিলেন অবিচল। শেষ পর্যন্ত ১৬৭ বলে ১৮৭ রানের রেকর্ড গড়া ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ২০০ মিনিট মাঠে থেকে ২০টি চারের পাশাপাশি ৪টি ছক্কাও মারেন তিনি। লর্ডসে এটাই কোনো ক্রিকেটারের ব্যক্তিগত সর্বোচ্চ রান। নটিংহ্যামশায়ারের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেন অধিনায়ক ক্রিস রেড। বল হাতে সারের স্যাম কুরান ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন রবি রামপাল।

তার আগে সারের ২৯৭ রানের ইনিংসে মার্ক স্টোনম্যান ১৪৪ রান করেন। ৩০ রান করেন কুমার সাঙ্গাকারা। ২৪ রান করেন স্যাম কুরান। ২৩ রান করেন জ্যাসন রয়। বল হাতে নটিংহ্যামশায়ারের সামিত প্যাটেল ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন স্টিভেন মুলানি।

অবধারিতভাবে ম্যাচসেরা নির্বাচিত হন অ্যালেক্স হেলস।