বিনোদন ডেস্ক : বলিউডের ‘মোস্ট এলিজিবল’ অভিনেতা সালমান খানের সঙ্গে এক সময় চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এক যুগ প্রেম করার পর প্রেমের সম্পর্কের ইতি টানেন এই জুটি।
গত ৫ এপ্রিল কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয় সালমান খানকে। এরপর যোধপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। সেখানে দুইদিন কারাবাসের পর গত ৭ এপ্রিল জামিনে ছাড়া পান সালমান। এরপর সরাসরি মুম্বাই চলে আসেন এই অভিনেতা। এ দিন সন্ধ্যায় সালমানের সঙ্গে দেখা করতে ছুটে যান তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সালমান খান জামিন পেয়ে মুম্বাই ফেরার পর প্রথম যে কয়েকটা গাড়ি সালমানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আসে তার একটি ছিল ক্যাটরিনার। আর যার সঙ্গে এখন সালমান প্রেম করছেন শোনা যায়, সেই রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভান্তুরকে দেখা যায়নি।
কৃষ্ণসার মামলার রায়ের আগের রাতে সালমানের বোন অর্পিতার সঙ্গে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দিতেও গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। এ সময় অর্পিতার ছেলে আহিল ক্যাটরিনার কোলে ছিল বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
গত ৫ এপ্রিল যোধপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেব সিং খাতরি বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি ১০ হাজার রুপি জরিমানা করা হয় এ অভিনেতাকে। অভিযুক্ত অন্যরা এ মামলা থেকে অব্যাহতি পান।
১৯৯৮ সালে হিন্দি সিনেমা হাম সাথ সাথ হ্যায়’র শুটিং চলাকালীন যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। পরবর্তী সময়ে এ বিষয়ে মামলাও দায়ের হয়। সিনেমাটিতে সালমান খানের সহশিল্পী সাইফ আলী খান, সোনালী বেন্দ্রে, টাবু ও নীলমকেও এ মামলায় অভিযুক্ত করা হয়।


