ক্রীড়া ডেস্ক: প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৪২ মিনিটে আর্সেনালের গোল উৎসবের সূচনা করেন জিরু। বিশ্রাম শেষে ম্যাচের ৫৫ মিনিটে গানারদের ব্যবধান দিগুণ করেন ওজিল। তবে ম্যাচের ৬৭ মিনিটে একটি গোল শোধ করেন স্টোক সিটির ক্রুচ। এর ৯ মিনিট পর অ্যালেক্সিস সানচেজের গোলে ফের ৩-১ গোলে এগিয়ে যায় আর্সেনাল। আর ম্যাচের ৮০ মিনিটে স্বাগতিকদের জালে নিজের দ্বিতীয় গোলটি করেন জিরু। বাকি সময়ে আর গোল না হওয়ায় ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোক সিটির বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে আর্সেনাল। শনিবার রাতে ব্রিটানিয়া স্টেডিয়ামে ৪-১ ব্যবধানে জয়ের পর শেষ চারে থেকে মৌসুম শেষ করার স্বপ্ন দেখছে গানাররা।
দুই ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগে শিরোপা নিশ্চিত করে ফেলেছে চেলসি। লিগের অন্য দলগুলো এখন ব্যস্ত পয়েন্ট টেবিলের কাঙ্খিত অবস্থান নিয়ে। মৌসুমের শেষ প্রান্তে এসে শেষ চারের জন্য লড়ছে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনালও।
স্টোক সিটির মাঠ ব্রিটানিয়া স্টেডিয়ামে আর্সেনালের জয়ে জোড়া গোল পান অলিভিয়ের জিরু। তার সঙ্গে একটি করে গোল করেন মেসুত ওজিল ও অ্যালেক্সিস সানচেজ।
ইংলিশ লিগে ৩৬ ম্যাচ শেষে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে চারে রয়েছে লিভারপুল। মৌসুম শেষ হতে আর্সেনালের বাকি আর মাত্র ২ ম্যাচ। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলতে হলে ইংলিশ লিগ পয়েন্ট টেবিলে শেষ চারে থেকে মৌসুম শেষ করতে হবে গানারদের।


