ক্রীড়া ডেস্ক : সাইড স্ট্রেইন চোটের কারণে এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আর খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ। কিংসটনে রোববার সেন্ট লুসিয়া স্টারসের বিপক্ষে ম্যাচে টসের সময় স্মিথের চোটের বিষয়টি নিশ্চিত করেন তার বার্বাডোজ ট্রাইডেন্টস অধিনায়ক জেসন হোল্ডার। পরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হেড কোচ রবিন সিং জানান, চোট থেকে সেরে উঠতে স্মিথ দেশে ফিরে গেছেন। বল টেম্পারিং কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ স্মিথ সাকিব আল হাসানের বদলি হিসেবে প্রথমবারের মতো সিপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে সাত ইনিংসে ১৮৫ রানের পাশাপাশি হাত ঘুরিয়ে তিনি নিয়েছেন ৩ উইকেট। এর মধ্যে ফ্লোরিডায় জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে দলের জয়ে ব্যাটিংয়ে ৬৩ রান ও ১৯ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন। এবারের আসরে এ ছাড়া প্রথম আট ম্যাচে আর একটি জয়ই পেয়েছে পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা বার্বাডোজ ট্রাইডেন্টস।


