সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় দাঁড়িয়ে থাকা পিকআপের চালকসহ দুজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৫ জুলাই) ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের বড়বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন।
নিহতরা হলেন- কিরন মৃধা (২৮) এবং জাহাঙ্গীর (৪৭) তাদের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়।
পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান জানাান, শুক্রবার ভোরে নাটোরের গুরুদাসপুর থেকে মাছ নিয়ে একটি মিনি ট্রাক ঢাকা যাওয়ার পথে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের বড়বিল এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের চাকা ফেটে যায়। চাকা মেরামত করার সময় পেছন থেকে আসা অপর একটি পরিবহন ট্রাকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ট্রাকের চালকসহ ২ জন নিহত হন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


