সিরাজগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোভ্যান চালকসহ নিহত ৩

সিরাজগঞ্জের পাঁচলিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোভ্যানের চালকসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

বুধবার (২৫ আগস্ট) সকালে সলঙ্গা থানার পাঁচলিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের অটো ভ্যানচালক খোদাবক্স, হায়দার আলী ও শাহাদৎ হোসেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানায়, বুধবার সকালে একটি অটোভ্যান যাত্রী নিয়ে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি রডবোঝাই কাভার্ডভ্যান ওই অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোভ্যানের চালক খোদাবক্স ও যাত্রী হায়দার আলী ও শাহাদৎ হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হয় আরও ২ যাত্রী।

তিনি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে কাভার্ডভ্যানটি আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।