সিরাজগঞ্জে চলন্ত বাস উল্টে নিহত ৪, আহত ১০

সিরাজগঞ্জের সলঙ্গায় চলন্ত বাস উল্টে একটি ভ্যানকে চাপা দিলে চার জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে আজ সকাল ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি মহাসড়ক থেকে পাশের রাস্তায় ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ চার জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।