সীতাকুণ্ডে বিস্ফোরণ : ফায়ার সার্ভিসের আরও এক কর্মীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপো কনটেইনারে বিস্ফোরণের ঘটনায় আরও এক ফায়ার ফাইটার মারা গেলেন।

সীতাকুণ্ডের ঘটনায় এ নিয়ে ১০ জন ফায়ার ফাইটারের মৃত্যু হলো।

রোববার (১২ জুন) দিনগত রাত ৩টা ১৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান গাউসুল আজম।

বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, গাউসুলের শরীরে ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। আগুনে তার শ্বাসনালী পুড়ে যায়। চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে করে ঘটনার পরদিন তাকেসহ সাতজনকে ঢাকায় আনা হয়। ওইদিনই তাকে ভর্তি করা হয় আইসিইউতে।

পরে তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে মাঝে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। কিন্তু সর্বশেষ তার অবস্থার আবারও অবনতি হয়।

গাউসুলের স্বজনরা জানায়, সীতাকুণ্ড ফায়ার স্টেশনে কর্মরত ছিল গাউসুল। সেদিন আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা ছুটে যায় আগুন নেভাতে। সেখানেই বিস্ফোরণে দগ্ধ হন গাউসুল।