‘সুনামগঞ্জের হাওর এলাকার উন্নয়নে যৌক্তিক প্রকল্প গ্রহণ করা হবে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, সুনামগঞ্জের হাওর এলাকার উন্নয়নের জন্য যৌক্তিক প্রকল্প গ্রহণ করা হবে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলার ধর্মপাশা উপজেলা প্রশাসনের আয়োজনে নবগঠিত মধ্যনগর উপজেলার কর্মকর্তাদের সঙ্গে ‘উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সুনামগঞ্জের হাওর এলাকার উন্নয়নের জন্য যৌক্তিক প্রকল্প গ্রহণ করা হবে। সরকার ইতোমধ্যে হাওর এলাকার উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্পের মধ্যে কিছু অনুমোদন হয়েছে। আরও কিছু অনুমোদনের অপেক্ষায় আছে। হাওর এলাকায় উড়াল সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, হাওরের পরিবেশ-প্রতিবেশ রক্ষা করে প্রকল্প গ্রহণ করতে হবে। তা না হলে হাওরের পরিবেশ বিপন্ন হবে।

তাজুল ইসলাম আরও বলেন, দেশের চারদিকে উন্নয়ন আর উন্নয়ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের বিকল্প কিছু নেই। তিনি হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নের কাজ করে যাচ্ছেন। হাওরের মানুষের যত দুর্ভোগ রয়েছে তা ক্রমান্বয়ে দূর করা হবে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান।