সুবিধাবঞ্চিত-প্রতিবন্ধীদের টিকা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছেঃ সমাজকল্যাণ মন্ত্রী

সুবিধাবঞ্চিত মানুষ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে দ্রুত করোনার টিকা দিতে উপজেলা পর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বৃহস্পতিবার (১১ ফেবুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে টিকা নেওয়ার পর তিনি এসব কথা বলেন। পরে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ সস্ত্রীক কোভিড-১৯ টিকা গ্রহণ করেন।

টিকা নিয়ে তিনি সাংবাদিকদের জানান, তার কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

এ সময় সুবিধাবঞ্চিত মানুষ বিশেষ করে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য কোভিড-১৯ টিকা নিশ্চিত করার প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রতিটি উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে যাতে করোনা ভাইরাসের টিকা প্রদান করা যায় সে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও মাঠকর্মীর মাধ্যমে আমরা এটি বাস্তবায়ন করছি। পাশাপাশি জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মীরাও সেখানে এ বিষয়ে সহযোগিতা করছে।

টিকা গ্রহণের পর তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ভয়ভীতির মধ্যে না থেকে ৪০ বছরের উর্ধ্বে সবার টিকা নেয়া উচিৎ। আমরা সবাই জানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনা ভাইরাসকে থেকে কিভাবে মানুষকে রক্ষা করা যায় সে লক্ষে তাঁর মেধা, শ্রম ও প্রজ্ঞা দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত বিশ্ব যেখানে এই করোনা ভাইরাস মোকাবেলায় পুরোপুরি সফল হতে পারেনি সেখানে এই করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী সফল হয়েছেন। সারাবিশ্ব এটা স্বীকার করে, তিনি সফল রাষ্ট্রনায়ক হিসেবে করোনা ভাইরাস মোকাবেলা করেছেন।

করোন চলাকালীন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার কর্মচারিরা যারা মাঠে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছেন তাদের সুরক্ষায় নির্দেশনা বিষয়ক অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে কর্মরত সকলকে আমি আহ্বান জানাবো টিকা গ্রহণ করার জন্য।