সেমিতেও নিষিদ্ধ হচ্ছেন রামোস?

ক্রীড়া ডেস্ক : উত্তেজনা আর নাটকীয়তায় শেষ হয়েছে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের চাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে খেলা। প্রথম লেগে কার্ড দেখায় এই ম্যাচে নিষিদ্ধ ছিলেন সার্জিও রামোস। রিয়াল অধিনায়ক নিষিদ্ধ হতে পারেন সেমিফাইনালেও!

সান্তিয়াগো বার্নাব্যুতে কাল যোগ করা সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। প্রায় পুরো ম্যাচই দর্শকসারিতে বসে দেখছিলেন রামোস। কিন্তু শেষ দিকে তিনি ডাগ আউটে চলে আসেন।

উয়েফার নিয়ম অনুযায়ী, নিষিদ্ধ খেলোয়াড় ডাগ আউটে থাকতে পারবেন না। রামোস তাই আরো এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। তখন সেমিফাইনালের প্রথম লেগেও মাঠের বাইরে থাকতে হবে তাকে।

রামোসকে ছাড়া কাল জুভেন্টাসের বিপক্ষে রিয়ালের রক্ষণভাগ অনেকটাই ছন্নছাড়া মনে হয়েছে। সেমিফাইনালেও তিনি নিষিদ্ধ হলে রিয়ালকে বেশ ভুগতে হবে।

সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ, লিভারপুল অথবা রোমার বিপক্ষে খেলতে হবে রিয়াল মাদ্রিদকে। শুক্রবার সুইজারল্যান্ডের লিয়নে হবে সেমিফাইনালের ড্র।