সেমিফাইনালিস্ট খুলনা টাইটান্স দুই বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ জয়াবর্ধনেকে

ক্রীড়া প্রতিবেদক : গতবারের সেমিফাইনালিস্ট খুলনা টাইটান্স দুই বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মাহেলা জয়াবর্ধনেকে।

দলের সার্বিক অবস্থা পর্যালোচনা করতে আজ বাংলাদেশে এসেছেন লঙ্কান প্রাক্তন এ তারকা ক্রিকেটার। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের পর বিপিএলের খুলনা টাইটান্সের সঙ্গে কাজ করতে পারাকে বড় সুযোগ বলে উল্লেখ করেছেন তিনি।

খুলনা টাইটান্সের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করতে আজ হোটেল রেডিসন ব্লুতে সাংবাদিকদের মুখোমুখি হন জয়াবর্ধনে। খেলোয়াড় হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবশেষ ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন তিনি। বিপিএলের পঞ্চম আসরে খুলনা টাইটান্সের কোচ হিসেবে প্রতিপক্ষ বধের ছক আঁকবেন মাহেলা।

খুলনা টাইটান্সের দায়িত্ব পাওয়া নিয়ে সাংবাদিকদের জয়াবর্ধনে বলেন, ‘খুলনা টাইটান্সের সঙ্গে কাজ করতে পারাটা দারুণ সুযোগ। আমি এ চ্যালেঞ্জ নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছি।’

বিপিএলের আসন্ন আসরে খুলনা টাইটান্সের আইকন খেলোয়াড় হিসেবে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি এবারও দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

খুলনার গত মৌসুমের বিদেশি খেলোয়াড়দের মধ্যে কেবল জুনায়েদ খান রয়েছেন। জুনায়দে খান ছাড়াও খুলনা শিবিরে এবার বিদেশি খেলোয়াড় হিসেবে থাকছেন শাদাব খান, সরফরাজ আহমদে, ক্রিস লিন, রিলে রুশো, সেকুগে প্রসন্ন। এছাড়া কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার পেসার কাইল অ্যাবোটকে দলে টেনেছে খুলনা টাইটান্স।