ক্রীড়া ডেস্ক : কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই ম্যানচেস্টার সিটিকে ভড়কে দিয়েছে লিভারপুল। ঘরের মাঠে প্রথম দেখায় ২০ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল অলরেডরা। তবে সিটি সমর্থকদের আশা ছিল ফিরতি লেগে দারুণ কিছু করে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যেতে পারবে তাদের দল।
মঙ্গলবার দিবাগত রাতে তেমন কিছুর ইঙ্গিতও দিয়েছিল ম্যানসিটি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গ্যাব্রিয়েল জেসাস গোল করে এগিয়ে নেন ম্যানসিটিকে। এরপর বাকি সময়ে অবশ্য সিটি আর কোনো গোলের দেখা পায়নি। উল্টো লিভারপুল ৫৬ ও ৭৭ মিনিটে দুটি গোল করে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে ম্যানসিটিকে উড়িয়ে দিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। ১০ বছর পর সেমিফাইনালে উঠল লিভারপুল।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ভুল পাসে বল পেয়ে যায় ম্যানসিটি। মাঝমাঠ থেকে ভিনসেন্ট কোম্পানি বল বাড়িয়ে দেন ডি বক্সের মধ্যে চলে যাওয়া রহিম স্টার্লিং এর কাছে। তার কাছ থেকে বল চলে যায় জেসাসের কাছে। জেসাস গোলরক্ষককে একা পেয়ে শট নেন। বল তার গন্তব্যে চলে যায়। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে সিটি।
বিরতির পর ৫৬ মিনিটের সময় মাঝমাঠ থেকে লম্বা পাসে বল পেয়ে যান মোহাম্মদ সালাহ। তিনি বল বাড়িয়ে দেন ডি বক্সের সামনে থাকা সাদিও মানেকে। মানে বল নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকতে গেলে সিটির রক্ষণভাগের খেলোয়াড়রা ঠেলা দিয়ে তাকে ফেলে দেন। গোলরক্ষকের উপর দিয়ে হুমড়ি খেলে পড়েন তিনি। বল দখলে নিতে ব্যর্থ হন সিটির গোলরক্ষক এডারসন। মাটি থেকে উঠে তিনি বল দখলে নিতে যাওয়ার আগেই বল নিজের আয়ত্তে নিয়ে নেন সালাহ। সামনে এগিয়ে ফাঁকা পোস্টেও সামনে রক্ষণভাগের একজন খেলোয়াড়ের মাথার উপর দিয়ে আলতো টোকায় বল পাঠিয়ে দেন। ৭৭ মিনিটের সময় রবার্তো ফিরমিনহো গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। ১০ বছর পর নিশ্চিত করে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল।


