সেরা নেইমার নয়, কুতিনহো: ওসারিও

ক্রীড়া ডেস্ক : ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা কে? নেইমার, সেটা হয়তো সবাই এক বাক্যে স্বীকার করবে। কিন্তু মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসারিও দ্বিমত পোষণ করেছেন এ বিষয়ে। বর্তমানে তার মতে নেইমার নয়, কুতিনহোই ব্রাজিলের সেরা ফুটবলার। এবং সেটা তিনি ব্রাজিলের কোচ তিতেকে বলেছেনও।

এ বিষয়ে হুয়ান কার্লোস বলেন, ‘ড্র অনুষ্ঠানে আমার সঙ্গে তিতের কথা হয়েছিল। তখন তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি ব্রাজিলের কোন খেলোয়াড়কে সেরা বলে মনে করি? আমি তাকে বলেছিলাম কুতিনহো অন্যদের চেয়ে এগিয়ে। ব্রাজিলের আক্রমণ ভাগের খেলোয়াড়দের ট্যালেন্ট নিয়ে কারো সন্দেহ প্রকাশের অবকাশ নেই। নেইমার, ডাগলাস কস্তা, উইলিয়ান অসাধারণ খেলে। তবে আমি মনে করি কুতিন পার্থক্য তৈরি করে দেয়। কারণ সে এমনই একজন খেলোয়াড় যে কিনা সবখানেই খেলতে পারে। কী মিডফিল্ড, কী ফরোয়ার্ড। সে এমনই একজন খেলোয়াড় যে তাকে আমাদের নজরে রাখতে হবে। ব্রাজিলের বিপক্ষের ম্যাচে সে খুবই গুরুত্বপূর্ণ।’

চলতি বিশ্বকাপে কুতিনহো গুরুত্বপূর্ণ দুটি গোল করেছেন। একটি গোলে করেছেন সহায়তা। দারুণ ছন্দে আছেন তিনি। সোমবার রাতে সামারা অ্যারেনায় শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও মেক্সিকো।

ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে এসেছে। অন্যদিকে প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে চকম দেখানো মেক্সিকো শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে হার মেনেছে ৩-০ ব্যবধানে। তাতে গ্রুপ রানার্স-আপ হয়ে তারা শেষ ষোলোতে এসেছে। ব্রাজিল-মেক্সিকোর ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম কিংবা জাপানের মুখোমুখি হবে।