সৈয়দপুরে আলুর আশানুরূপ ফলন পেয়েছেন চাষিরা

মোঃ মাহফুজ সৈয়দপুর থানা: নীলফামারীর সৈয়দপুরে আলুর আশানুরূপ ফলন পেয়েছেন চাষিরা। তবে বাড়তি আলু স্থানীয় হিমাগারগুলো না নেওয়ায় উপজেলার পাঁচটি ইউনিয়নসহ আশপাশের আলুচাষিরা বিপাকে পড়েছেন। উপজেলার তিনটি হিমাগারে আলুচাষিরা নিয়মিত ধরনা দিয়েও কাজ হচ্ছে না।

উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙালিপুর ও বোতলাগাড়ি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, কৃষকেরা এখন আলু তোলায় ব্যস্ত সময় পার করছেন। খেতে বসেই তাঁরা পাইকারদের কাছে ১৫-১৬ টাকা কেজি দরে আলু বিক্রি করছেন।

কামারপুকুর ইউনিয়নের কোরানীপাড়ার কৃষক মতিয়ার রহমান বলেন, তিনি আট বিঘা জমিতে এবার আলুর আবাদ করেছেন। বীজ, সার, নিড়ানি, খেতের আলু তোলাসহ প্রতি বিঘা জমিতে তাঁর খরচ হয়েছে ৪৫ হাজার টাকা। প্রতি বিঘা জমিতে ১১০ থেকে ১২০ মণ আলুর ফলন হয়েছে। ফলে খরচ বাদ দিয়ে তাঁর ভালো লাভ থাকছে।

কৃষি বিভাগ জানায়, সৈয়দপুরে এবার সাগিতা, ডায়মন্ড, কার্ডিনাল, ক্যারেজ ও বারি জাতের আলুর আবাদ হয়েছে। এখন জেলায় পুরোদমে আলু তোলা শুরু হয়েছে। ফলনও মিলছে ভালো। আলু তোলার আগমুহূর্তে হালকা বৃষ্টি হয়েছিল। তবে দ্রুত ওই পানি সরে যাওয়ায় ফসলের তেমন ক্ষতি হয়নি। তবে স্থানীয় হিমাগারগুলোতে জায়গা না থাকায় আলু সংরক্ষণ নিয়ে চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

খেতে বসেই কৃষকেরা পাইকারদের কাছে আলু বিক্রি করছেন।
খাতামধুপুর ইউনিয়নের কৃষক সফেদ আলী বলেন, গেল বছর হিমাগারগুলো ২৫০ টাকা ভাড়ায় ৬৮ কেজির বস্তা আলু নিয়েছে। এবার একই ভাড়ায় এক বস্তায় ৫৮ কেজি আলু নিচ্ছে হিমাগারগুলো। তবুও হিমাগারে জায়গা পাওয়া যাচ্ছে না। হিমাগারের বাইরে রিকশা ও ভ্যানে আলু নিয়ে বসে থাকতে হচ্ছে।

নর্দান কোল্ড স্টোরেজের মালিক বাদশা বলেন, সাধারণত হিমাগারে আলু রাখার জন্য অগ্রিম বুকিং দিতে হয়। পুরো হিমাগার বুকিং হয়ে গেছে। তাই নতুন করে আর কোনো আলু নেওয়া সম্ভব হচ্ছে না।

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমতা রানী সাহা বলেন, এবার আলুর ফলন ও দামে সৈয়দপুরে কৃষকেরা খুশি। তাঁরা এবার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। তবে হিমাগারগুলোতে আলু সংরক্ষণ নিয়ে তাঁদের কাছে কোনো অভিযোগ আসেনি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।