মোঃ মাহফুজ সৈয়দপুর থানা: নীলফামারীর সৈয়দপুরে এক দিনের ব্যবধানে আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রাবেয়া বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় ভ্যানচালক ও এক যাত্রীর নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলার চিরিরবন্দরের রানীরবন্দর এলাকার ইব্রাহিমের ছেলে জামান (৩৮)। তিনি পেশায় ভ্যানচালক। এ ঘটনায় জামানের ভ্যানে থাকা অজ্ঞাতনামা এক নারী নিহত হন। তাঁর আনুমানিক বয়স ৩৫ বছর। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পুলিশ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা টি আর পরিবহনের একটি বাস মহাসড়কের রাবেয়া বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় পৌঁছালে বাসের সামনের ডান দিকের চাকা খুলে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ভ্যানচালক ও যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয় ব্যক্তিরা আহত দুজনকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে ওই নারীর মৃত্যু হয়। এরপর বেলা তিনটার দিকে আহত ভ্যানচালকও মারা যান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, অজ্ঞাতনামা ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এদিকে নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার সৈয়দপুর কেন্দ্রীয় বাস টামিনালে তিনজন ও গত ৩১ অক্টোবর সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সচালকসহ দুজন মারা যান।


