সৈয়দপুর গুরুত্বপূর্ণ সড়কের ওপর ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড

মোঃ মাহফুজ সৈয়দপুর থানাঃ নীলফামারীর সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থানে সড়কের ওপর ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। অনুমোদনহীন এসব স্ট্যান্ডের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমন অভিযোগ পথচারী ও অন্যান্য যানবাহন চালকদের।

তাঁরা সড়কের ওপর থেকে এসব স্ট্যান্ড অপসারণের দাবি জানিয়েছেন। সৈয়দপুর পৌরসভার লাইসেন্স শাখা সূত্রে জানা যায়, শহরে এক হাজার ৩১০টি ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন রয়েছে। সেখানে চলাচল করছে চার হাজারের বেশি।

সরেজমিনে দেখা গেছে, শহরের গুরুত্বপূর্ণ শেরে বাংলা সড়কের তামান্ন সিনেমা হল, কিছুক্ষন মোড়, শপিংকমপ্লেক্স সৈয়দপুর প্লাজার সামনে, ২ নং রেলওয়ে গুমটি, থানার সামনে, রেলওয়ে স্টেশনের পেছনে সড়কের ওপর রয়েছে অটোস্ট্যান্ড। এছাড়া বঙ্গবন্ধু চত্বর থেকে দক্ষিনে শহীদ ক্যাপ্টেন মৃধা শামসুল হুদা (বিমানবন্দর) সড়কে ৫০ গজের মধ্যে তিনটি, শহীদ তুলশিরাম (দিনাজপুর) সড়কের ১০০ গজের মধ্যে ৫টি,  বঙ্গবন্ধু চত্বর থেকে পূর্ব দিকে বাসস্ট্যান্ড পর্যন্ত ৪টি, শহীদ ডা:জিকরুল হক সড়কে ৫টি স্থানসহ শহরের বিভিন্ন পয়েন্টে সড়কের ওপর অটোস্ট্যান্ড গড়ে উঠেছে।

এসব স্ট্যান্ডের কারণে সড়কে অন্যান্য বাহন ও মানুষ চলাচল করতে কষ্টকর হয়ে পড়েছে। আবার স্ট্যান্ডগুলো থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ছেড়ে যাওয়ার খানিক পর পর সড়কের মধ্যে হঠাৎ দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে থাকে। এতে প্রতিমুহুর্তেই যানজটের সৃস্টি হচ্ছে।

মাইক্রোচালক চান হোসেন বলেন, সড়কের ওপর যেখানে-সেখানে এভাবে অটো রিকশার কারণে স্বভাবিকভাবে গাড়ী চালানো যাচ্ছেনা। সৈয়দপুর সরকারী কলেজের সাবেক শিক্ষক হানিফ উদ্দীন বলেন, সড়কের ওপর অবৈধ এসব স্ট্যান্ডের কারণে মানুষের দুর্ভোগ হচ্ছে প্রতিনিয়ত। জনগণের সুবিধার্থে এসবের বিরুদ্ধে ব্যবস্থা ট্রাফিক পুলিশকেই নিতে হবে।

নীলফামারী ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক আবু নাহিদ পারভেজ বলেন, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও অনিবন্ধনকৃত অটো আটক অভিযান শিগগিরই শুরু করা হবে। এ ব্যাপারে সহযোগিতা চেয়ে বেশ কয়েকবার সৈয়দপুর পৌর মেয়রকে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ আজ অবধি নির্ধারিত কোন স্থানে স্ট্যান্ড গড়ে তুলতে পারেননি।

এ ব্যাপারে সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, গোটা শহর গড়ে ওঠেছে রেলের জায়গায়। পৌরসভার সাথে রেলে কর্তৃপক্ষের জমি সংক্রান্ত মামলা দীর্ঘদিন থেকে আদলতে চলমান। তাই চাইলেও অনেক কিছু করা যায় না। তবে খুব শিগগিরি ফাঁকা নির্ধারিত কিছু জায়গায় অটোস্ট্যান্ড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।।।