সৈয়দপুর বিসিক শিল্প নগরীর থেকে মরদেহ উদ্ধার

মোঃ মাহফুজ সৈয়দপুর থানা: নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্প নগরীর সংলগ্ন পুকুরপাড় থেকে সাব্বির হোসেন ওরফে কালু নামে এক ইঞ্জিন মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহত সাব্বির হোসেন কালু সৈয়দপুর শহরের নিয়ামতপুর চামড়া গুদাম ক্যাম্পের মৃত নাসিম উদ্দিন ড্রাইভারের পুত্র। স্থানীয়রা জানায়, সাব্বির মিস্ত্রি মাদকাসক্ত ছিল। অনেক নিষেধ করা হলেও নেশা থেকে ফিরে আনা যায়নি। ইঞ্জিন মিস্ত্রি হিসেবে দক্ষ ছিলেন তিনি। সে রংপুর-দিনাজপুর অঞ্চলের বিভিন্ন যানবাহনের মালিকদের কাছে অতি পরিচিত।

তবে নিহতের স্ত্রী আদুরী আকতার জানান, সে মাদকাসক্ত এ কথা মানুষ আমাকে বললেও আমি কোন দিন চোখে দেখি নাই। মাদক সেবনের জন্য তিনি তাঁর এক সহকর্মীকে দায়ী করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মরদেহের পাশ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল সারোয়ার হোসেন জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।