জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করতে ‘ভিশন-২০৩০’ নিয়ে সংবাদ সম্মেলনের আগে দলের নীতিনির্ধারকদের নিয়ে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এ বৈঠক হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী বুধবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে বিএনপির ‘ভিশন-২০৩০’ উপস্থাপন করবেন খালেদা জিয়া।
ভিশন ২০৩০-এ কী থাকছে, এ বিষয়ে ইঙ্গিত দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের যে দূরদৃষ্টি অর্থাৎ ২০৩০ সালে সরকার পরিচালনায় গেলে কী কী কাজ করব, দেশকে কীভাবে দেখতে চাই এবং স্বপ্নটা কীভাবে জাতিকে দেখাতে চাই, সে বিষয়গুলোই এখানে তুলে ধরা হবে।’
বিএনপি মহাসচিব এও বলেন যে, ভিশন-২০৩০ এর সঙ্গে নির্বাচন এবং নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখার কোনো সম্পর্ক নেই।


