স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড ওয়ানডে দল

ক্রীড়া ডেস্ক : আঙুলের চোটে বিশ্ব একাদশ দল থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এউইন মরগান। তবে অধিনায়ককে রেখেই জুনে স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আলাদা দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

গত রোববার রয়্যাল লন্ডন কাপে মিডলসেক্সের হয়ে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান মরগান। তবে আগামী ১০ জুন এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডের আগে তিনি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলে ১৩ সদস্যের দলে নেওয়া হয়েছে স্যাম বিলিংসকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের ১৪ সদস্যের দলে ফিরেছেন বাটলার ও বোলার টম কুরান। বাদ পড়েছেন বিলিংস। ফাস্ট বোলার লিয়াম প্লাঙ্কেটও দলে ফিরেছেন। হ্যামস্ট্রিংয়ের চোটে মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে জেতা সিরিজে তিনি খেলতে পারেননি।

আগামী ১৩ জুন ওভালে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। এই মাসের শুরুতে বার্ষিক হালনাগাদের পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও শীর্ষে উঠেছে ইংলিশরা।

ইংল্যান্ডে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন টেস্ট অধিনায়ক টিম পেইন। অস্ট্রেলিয়ার প্রধান কোচ হিসেবে এটিই হবে জাস্টিন ল্যাঙ্গারের প্রথম অ্যাসাইনমেন্ট।

স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড ওয়ানডে দল :
এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড ওয়ানডে দল : এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুরান, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।