ক্রীড়া ডেস্ক : দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এউইন মরগান। তৃতীয় ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
মাইলফলক ছুঁতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে কার্ডিফে আজ পাকিস্তানের বিপক্ষে ৫ রান দরকার ছিল মরগানের। মোহাম্মদ হাফিজের বলে দুই রান নিয়ে মাইলফলক ছুঁয়ে ফেলেন বাঁহাতি ব্যাটসম্যান।
ওয়ানডেতে মরগানের ৫ হাজার রান পূর্ণ হয়েছিল অবশ্য আরো আগেই। তবে তার ক্যারিয়ার শুরু হয়েছিল আয়ারল্যান্ডের হয়ে। ইংল্যান্ডের জার্সিতে খেলা শুরুর আগে আইরিশদের হয়ে ২৩ ইনিংসে করেন ৭৪৪ রান।
ইংল্যান্ডের হয়ে ১৫১তম ইনিংসে আজ ৫ হাজার রান পূর্ণ করলেন মরগান। এর আগে ইংল্যান্ডের হয়ে ৫ হাজার রান করেছেন ইয়ান বেল ও পল কলিংউড। ১৮১ ইনিংসে ৫ হাজার ৯২ রান করেছেন কলিংউড। ১৫৭ ইনিংসে ৫ হাজার ৪১৬ রান বেলের।


