স্টেডিয়ামেই সংঘর্ষে দুই সমর্থকের মৃত্যু

ক্রীড়া ডেস্ক : ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকার এফএনবি স্টেডিয়ামে। শনিবার ওই স্টেডিয়ামেই সংঘর্ষে দুই সমর্থকের মৃত্যু হয়েছে।

শনিবার ডার্বি ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার সোয়েতোর জনপ্রিয় দুটি ক্লাব কাইজার চিফ এবং অরল্যান্ডো পাইরেটস। প্রাক-মৌসুম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার এই দুটি দল।

দেশসেরা এই দুই দলের রোমাঞ্চকর ডার্বি লড়াই দেখতে এফএনবি স্টেডিয়ামে হাজির হয়েছিল প্রায় ৮৭ হাজার দর্শক।

অরল্যান্ডো পাইরেটসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টেডিয়ামের গেটে ধাক্কাধাক্কির সময় এ সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষে ২ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে।

জোহানেসবার্গের পাবলিক সেফটি অফিসিয়াল মিখায়েল সান টুইটারে জানিয়েছেন, ভিড় নিয়ন্ত্রণ করার জন্য স্টেডিয়াম কর্তৃপক্ষ সবগুলো গেট খুলে দিয়েছিল। তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এমনটা হয়।

স্টেডিয়ামের ম্যানেজার জানিয়েছেন, আহত ১৭ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এফএনবি স্টেডিয়ামের ওই ম্যাচে অরল্যান্ডোর বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় কাইজার চিফ। ১৯৯০ সালে কারাগার থেকে মুক্তির পর এই স্টেডিয়ামেই ভাষণ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা। ম্যান্ডেলার মৃত্যুর পর এই স্টেডিয়ামেই তার প্রতি শোক ও শ্রদ্ধা জানায় ভক্তরা। পুনরায় নির্মাণের পর ২০১০ বিশ্বকাপের স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যকার ফাইনাল ম্যাচটি সকার সিটি খ্যাত এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।