স্টোকসকে ছাড়াই এবারের অ্যাশেজ খেলতে হতে পারে ইংল্যান্ডকে

ক্রীড়া ডেস্ক : টেস্টের সহ-অধিনায়ক বেন স্টোকসকে ছাড়াই এবারের অ্যাশেজ খেলতে হতে পারে ইংল্যান্ডকে। শেষ পর্যন্ত স্টোকস খেলতে না পারলে তাকে ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে কেমন করবে ইংল্যান্ড? ইংলিশ অলরাউন্ডার মঈন আলী মনে করেন, স্টোকসকে ছাড়াই অ্যাশেজ জিততে পারে ইংল্যান্ড।

গত সপ্তাহে ব্রিস্টলে এক ব্যক্তিকে শারীরিক আঘাত করার অভিযোগে স্টোকসকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাকে এক রাত থানাহাজতে আটকে রাখার পর তদন্ত সাপেক্ষে অভিযোগ গঠন ছাড়াই ছেড়ে দেওয়া হয়। একদিন পর তিনি অ্যাশেজের জন্য ইংল্যান্ড দলেও জায়গা পান।

কিন্তু সেদিন রাতেই ব্রিস্টলের সেই ঘটনার ভিডিও প্রকাশ করে ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’। যেখানে স্টোকসকে দুই ব্যক্তিকে ঘুষি মারতে দেখা যায়। ওই ভিডিও দেখার পরই স্টোকস ও তার সতীর্থ অ্যালেক্স হেলসকে অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন না তারা।

এতে স্টোকসের অ্যাশেজে খেলা নিয়ে সংশয় জেগেছে। অ্যাশেজের জন্য আগামী ২৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিমানে চড়বে ইংল্যান্ড দল। এর আগে পুলিশি ঝামেলা না মিটলে স্টোকসের অ্যাশেজে খেলা কঠিন হয়ে দাঁড়াবে। মারামারির ঘটনায় এখন পুলিশ ও ইসিবির নিজস্ব তদন্ত চলছে।

স্টোকসকে ছাড়া অ্যাশেজ জিততে পারবে ইংল্যান্ড? মঈন অবশ্য আশাবাদী, ‘যদি সে অস্ট্রেলিয়ায় না যেতে পারে, তাহলে তাকে ছাড়াই আমাদের ভালো খেলতে হবে। তবুও আমি নিশ্চিতভাবে মনে করি, আমরা জিততে পারি।’

তবে দলের অন্যতম সেরা খেলোয়াড়কে অ্যাশেজে চান মঈন, ‘আমরা সবাই জানি, সে কত ভালো একজন ক্রিকেটার, সে কী করতে পারে। সে আমাদের মূল খেলোয়াড়দের একজন। সুতরাং ওখানে (অস্ট্রেলিয়া) তাকে পাওয়াটা হবে দারুণ কিছু। দেখা যাক, কী হয়।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের খেলা খেলোয়াড় হয়েছিলেন মঈন। অস্ট্রেলিয়ায় অ্যাশেজ পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিতে তিনি মুখিয়ে আছেন। ২০১৫ সালে দেশের মাটিতে সবশেষ অ্যাশেজ জিতেছে ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়ায় শেষ তিন অ্যাশেজের দুটিতেই ইংল্যান্ড হোয়াইটওয়াশ হয়েছে ৫-০ ব্যবধানে।

তথ্যসূত্র : ক্রিকেট অস্ট্রেলিয়া।