ক্রীড়া ডেস্ক : পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর বেন স্টোকসকে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডের দল থেকে বাদ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংলিশ গণমাধ্যমের খবর, আরো বড় শাস্তি পেতে পারেন এই অলরাউন্ডার। কেড়ে নেওয়া হতে পারে তার টেস্ট সহ-অধিনায়কত্ব। এমনকি অ্যাশেজ সিরিজের দলেও জায়গা হারাতে পারেন!
ব্রিস্টলে এক ব্যক্তিকে শারীরিক আঘাত করার অভিযোগে গত সোমবার সকালে স্টোকসকে গ্রেপ্তার করেছিল পুলিশ। রাতে তাকে থানাহাজতে আটকে রাখার পর তদন্ত সাপেক্ষে অভিযোগ গঠন ছাড়াই ছেড়ে দেওয়া হয়।
অ্যাশেজ সিরিজের দল ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময় আগে এই ঘটনা ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা হয়েই এসেছে। বাংলাদেশ সময় বুধবার বিকেল ৩টায় অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করবে ইংল্যান্ড। সবার চোখ এখন সেদিকেই।
‘মারামারির’ ঘটনায় স্টোকস নিজেও তার হাতে চোট পেয়েছেন। ডেইলি মেইলের খবর, হাতে এক্স-রে’র জন্য পাঠানো হয়েছিল তাকে। ইসিবি যদিও তার চোটের কথা অস্বীকার করেছে।
দ্য টেলিগ্রাফ বলছে, এই ঘটনায় ইংল্যান্ডের অ্যাশেজ প্রস্তুতি ‘চরম বিশৃঙ্খলার’ মধ্যে পড়েছে। স্টোকসের টেস্ট সহ-অধিনায়কত্ব কেড়ে নেওয়া হতে পারে। যে দায়িত্বটা তিনি এ বছরের শুরুতে জো রুট টেস্ট অধিনায়ক হওয়ার সময় পেয়েছিলেন।
ওই ঘটনায় স্টোকসের সঙ্গে ছিলেন ওপেনার ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। তাকেও চতুর্থ ওয়ানডের দল থেকে বাদ দেওয়া হয়েছে। বুধবার ওভালে চতুর্থ ওয়ানডে শুরু হওয়ার দুই ঘণ্টা আগেই ঘোষণা করা হবে অ্যাশেজের দল।
ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস অবশ্য জানিয়েছেন, অ্যাশেজের দল নির্বাচনের প্রক্রিয়া আগের পরিকল্পনা মতোই এগোবে। খেলোয়াড়দের ফর্ম ও ফিটনেসের ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে দল। স্ট্রাউস স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘ফর্ম ও ফিটনেসের ওপর ভিত্তি করেই নির্বাচকদের অ্যাশেজের দল নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে।’
তথ্যসূত্র : ক্রিকেট অস্ট্রেলিয়া।


