স্ত্রীর পাশে থাকতে ছুটি পেলেন সাকিব

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়ে আবেদন করেছিলেন সাকিব আল হাসান। তাঁর আবেদনে সাড়া দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ড সফর থেকে তাঁকে ছুটি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সাংবাদিকদের খবরটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

তিনি বলেন, ‘আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করেছি, সাকিবকে ছুটি দেওয়া হয়েছে। অবশ্য নিউজিল্যান্ডের পরের সিরিজগুলোতে খেলবে সে।’

তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন সাকিব। এই সময়ে স্ত্রীর পাশে থাকতে বিসিবির কাছ থেকে ছুটি চান তিনি। অবশ্য ছুটি ছাড়াও চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোট কাটিয়ে টেস্ট সিরিজে মাঠেও ফিরেছিলেন তিনি। সম্প্রতি নতুন করে আবার চোটে আক্রান্ত হন তিনি। গত শুক্রবার বাঁ পায়ের ঊরুতে চোট পান তিনি। এমআরআই রিপোর্টে নতুন চোট ধরা পড়ে।

গত বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় অস্বস্তিবোধ করেন সাকিব। পরে বোলিং চালিয়ে গেলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় দেশ সেরা এই ক্রিকেটারকে।