স্পেনের কষ্টার্জিত জয়

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে অংশ নিতে আগেই রাশিয়া পৌঁছেছে তিউনিসিয়া ও স্পেন। বাংলাদেশ সময় শনিবার রাতে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামে দল দুটি। র‌্যাঙ্কিং এবং শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও উত্তর আফ্রিকান দেশ তিউনিসিয়া সহজে জিততে দেয়নি স্পেনকে। ম্যাচের ৮৪ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন ৭৬ মিনিটে জর্ডি আলবার বদলি হিসেবে নামা ইয়াগো আপাস।

অবশ্য শুরু থেকেই স্পেন ও তিউনিসিয়া পাল্টাপাল্টি বেশ কিছু আক্রমণ শানিয়েছে। তার কোনোটি গোলরক্ষকরা ধরে ফেলেছেন। কোনোটি গোলপোস্টের আশ-পাশ এবং উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তবে ম্যাচের ৮৪ মিনিটে আপাস যে সুযোগটি পেয়েছেন সেটা আর লক্ষ্যভ্রষ্ট হয়নি।

এ সময় দিয়েগো কস্তা বামপাশে ডি বক্সের মধ্যে বল পেয়ে যান। তাকে রুখতে চেষ্টা করেন তিউনেসিয়ার রক্ষণভাগের একজন খেলোয়াড়। তাকে ফাঁকি দেন কস্তা। অবস্থা বেগতিক দেখে গোলপোস্ট ছেড়ে কস্তার পায়ের কাছে চলে আসেন তিউনিসিয়ার গোলরক্ষক আইমেন মাথলৌথি। কস্তার কাছ থেকে বল নিতে পারেননি আইমেন।


কস্তা আবার বল নিয়ে পেনাল্টি বক্সের মধ্যে ঢোকার চেষ্টা করেন। কিন্তু এর মধ্যে তিউনিসিয়ার আরো কয়েকজন খেলোয়াড় কস্তাকে রুখতে ডি বক্সের মধ্যে চলে আসে। সুযোগ বুঝে কস্তা বল বাড়িয়ে দেন ডি বক্সের বাম কোণার দিকে আসতে থাকা আপাসকে। আপাস দৌড়ে ডি বক্সের মধ্যে ঢুকেই কোনাকুনি জোরালো শট নেন। বল গোলরক্ষক ও রক্ষণভাগের একজন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে জালে আশ্রয় নেয়। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন।

বিশ্বকাপে স্পেন রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, মরোক্কো ও ইরান। আর তিউনিসিয়া রয়েছে ‘জি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ হিসেবে আছে ইংল্যান্ড, বেলজিয়াম ও পানামা।