স্বরূপে ফিরবেন নেইমার

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপে টিকে থাকতে হলে আজ ব্রাজিলকে সার্বিয়ার বিপক্ষে জিততেই হবে। ড্র করলেও চলবে। কিন্তু ড্র করলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না। আর জিতলেই ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল চলে যাবে শেষ ষোলোয়। হারলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে সেলেকাওরা।

ব্রাজিলের প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স হতাশ করেছে ফুটবলপ্রেমি এবং ফুটবলবোদ্ধাদের। বাছাইপর্বে দুর্দান্ত ফুটবল খেলা দলটিকে চূড়ান্ত পর্বে পাওয়া যাচ্ছে না। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্রয়ে পর দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে কষ্টার্জিত জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চূড়ান্ত পর্বে ব্রাজিলের এমন পারফরম্যান্সের কারণ হিসেবে সবাই কাঠগড়ায় দাড় করিয়েছেন নেইমারকে। তাকে ঘিরেই ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্ন। অথচ নেইমার জ্বলে উঠতে পারেননি এখনও। নেইমার কাঠগড়ায় থাকলেও তাকে দলের ব্যর্থতার দায় চাপাতে নারাজ কোচ তিতে।

সার্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে তিতে বলেছেন,‘নেইমারের কাঁধে দলের সকল ব্যর্থতার দায় দেওয়া অন্যায় হবে। ও প্রতিভাবান খেলোয়াড়। তবে এখন যেভাবে খেলছে সেটা স্বাভাবিকের তুলনায় খারাপ। এটা হতে পারে না।’

২০১৪ বিশ্বকাপে নেইমারকে হারানোর পর পথ হারায় ব্রাজিল। জার্মানির বিপক্ষে ৭ গোল হজমের পর তৃতীয় স্থান নির্ধারণী খেলায়ও পরাজয়ের স্বাদ পায়। এবারের প্রথম ম্যাচে জয় বঞ্চিত থাকার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায়। কুতিনহো এবং নেইমার একটি করে গোল করেন।

তিতের বিশ্বাস সার্বিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে স্বরূপে ফিরবেন নেইমার। ‘একটা বিষয় খেয়াল করা জরুরী। প্রথম ম্যাচের থেকে দ্বিতীয় ম্যাচে নেইমার উন্নতি করেছে। এটা মূল্যায়ন করা জরুরী। মনে হচ্ছে তৃতীয় ম্যাচে আরও উন্নতি করবে। আমরা তার ওপর সব দায়িত্ব চাপিয়ে দিতে পারি না। আবার পুরোপুরি নির্ভরও হতে পারি না। অনেক সময় আপনাকে ঠান্ডা মাথায় সবকিছু চিন্তা করে এগুতে হবে। নেইমার সেই কাজটাই করছে। ইনজুরি থেকে ফিরে নিজের কাজটা করছে। আমরা আমাদের অনুভূতি এবং চাপ বুঝতে পারছি। তাকে ঘিরেই আমাদের স্বপ্ন। সেই আমাদের স্বপ্ন পূরণ করবে।’-বলেছেন তিতে।

নেইমারকে ঘিরেই স্বপ্ন দেখছেন তিতে। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় সেলেকাওদের স্বপ্নপূরণ করতে পারবেন তো।