স্বাগতিক আয়ারল্যান্ডকে ২৯০ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক : টস হেরে ব্যাট করতে নেমে দলকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার লুক রনকি ও টম ল্যাথাম। দুজন উদ্বোধনী জুটিতে তোলেন ৫৩ রান। কিন্তু ২ রানের ব্যবধানে নিজের পরপর দুই ওভারে দুজনকেই সাজঘরে ফেরান ব্যারি ম্যাকার্থি। রনকি ২৬ বলে ৭ চারে করেন ৩৭, ল্যাথাম ২৫ বলে ১৫।

জোড়া ধাক্কার পর তৃতীয় উইকেটে ওয়ার্কার ও টেলর মিলে গড়েন ৮৪ রানের বড় জুটি। টেলর তুলে নেন ক্যারিয়ারের ৩৪তম ফিফটি। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ৬০ বলে ৫ চারে ৫২ করে মুরতাগের বলে আউট হয়ে যান অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি করে ওয়ার্কার (৫০) ফেরেন দলীয় ১৯৪ রানে।

এরপর পঞ্চম উইকেটে জিমি নিশাম ও ব্রুমের ৭৯ রানের জুটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ পায় নিউজিল্যান্ড। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৭৯ রানে করেন ব্রুম। তার ৬৩ বলের ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কার মার। শেষ ওভারে আউট হওয়া নিশাম ২৯ বলে করেন ৩০।

আয়ারল্যান্ডের হয়ে ম্যাকার্থি ও মুরতাগ ২টি করে উইকেট নেন। কেভিন ও’ব্রায়েন ও পিটার চেজের ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।
ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে ২৯০ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে নিউজিল্যান্ড।

ডাবলিনের মালাহাইডে রোববার আগে ব্যাট করতে নেমে রস টেলর, জর্জ ওয়ার্কার ও নেইল ব্রুমের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৯ রান করে কিউইরা।