রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ সরকারি নির্দেশনায় মার্কেট ও শপিংমল খুলে দেয়া হলেও ক্রেতাদের উপস্থিতি নেই চট্টগ্রামের শপিংমলগুলোতে। অন্যদিকে রাস্তায় গণপরিবহন না থাকায় কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়েন দোকান মালিক ও কর্মচারীরা। দুর্ভোগে পড়তে হচ্ছে সব ধরনের যাত্রীদের।
সোমবার (২৬ এপ্রিল) চট্টগ্রাম নগরের নিউমার্কেট, মিমি সুপার, সিঙ্গাপুর মার্কেটসহ, চকবাজার, জিইসি মোড়, ওয়াসা মোড় ও জামালখান এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।
সোমবার(২৬ এপ্রিল) সকাল ১০টায় শাহ আমানত ব্রীজ ও বহদ্দারহাট এলাকায় গিয়ে দেখা যায়, কর্মস্থলে যাওয়ার জন্য হাজারো মানুষ রাস্তার দুই ধারে অপেক্ষা করছেন। একটি রিকশা, ভাড়ায় চালিত মোটর সাইকেল বা সিএনজি অটো রিকশা এলেই যাত্রীরা ধাক্কাধাক্কি করে তাতে উঠার চেষ্টা করছেন। গার্মেন্টস পোশাকশ্রমিকসহ বিভিন্ন কারখানার লোকজন কারখানার গাড়িতে চড়ে কাজে গেলেও বাকিদের চরম আকারে দুর্ভোগ পোহাতে হয়েছে। অতিরিক্ত গাড়ি ভাড়ার কারণে অনেককেই রোজা রেখে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছতে দেখা গেছে।
সিঙ্গাপুর মার্কেটে একটি কাপড়ের দোকানে চাকরি করেন নাঈম উদ্দিন। তিনি বলেন, ‘ দুই ঘন্টা ধরে গাড়ির জন্য দাঁড়িয়ে আছেন। অফিস থেকে গাড়ির সুবিধা নেই এবং রাস্তায়ও কোনো গণপরিবহন নেই। রিকশায় যেতে দুইশ ও মোটরসাইকেল ১৫০ টাকা দাবি করছে। অথচ আমার দৈনিক বেতন পাঁচশ টাকা, তাহলে কিভাবে যায়।’
গাড়ি ভাড়া বিষয়ে ড্রাইভারদের থেকে জানতে চাইলে বলেন, ‘রাস্তায় গাড়ি কম, করোনা ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি, তাই বেশি ভাড়া চাইতেছি।’
নিউ মার্কেট এলাকায় কথা হয় দোকান কর্মচারি মাসুদ করিমের সাথে। তিনি জানান, সাধারনত ১০ টাকায় কর্মস্থলে পৌঁছানো যায় আজ তার খরছ হয়েছে ১০০ টাকা। মার্কেট খোলা থাকলেও গাড়ি বন্ধ থাকায় বাধ্য হয়ে তাকে এই বাড়তি খরচের ঘানি টানতে হচ্ছে।
দুপুর ১২টার দিকে নগরের চকবাজার এলাকায় গিয়ে দেখা যায়, গুলজার টাওয়ার, মতি শপিং কমপ্লেক্স, কেয়ারী ইলিশিয়ামসহ অধিকাংশ মার্কেট ও শপিংমল খোলা আছে। তবে অধিকাংশ দোকানেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। সকল কর্মচারী এসে পৌছায়নি। যার কারন গণপরিবহণ সংকট।
দুপুর একটায় নগরের জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজা ও কাজির দেওড়ির ভিআইপি টাওয়ারের অধিকাংশ দোকান খোলা ছিল, তবে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ে একবারেই কম।
চট্টগ্রাম মতি শপিং কমপ্লেক্সে ‘লিজা শাড়ি বিতান’ নামে দোকানের মালিক জাফর আহমদ বলেন, ‘ কিছু করার নাই। মেনে নিতে হবে। সরকার মার্কেট ও শপিংমল খুলে দেওয়া হলেও গাড়ি বন্ধ রেখেছে। তাই কর্মচারীরা সময়মত দোকানে কখন আসবে তার নিশ্চয়তা নেই। ক্রেতারাও মার্কেটমুখী হতে পারছেন না। আবার বিকাল পাঁচটায় বন্ধ করে দিতে হবে। ব্যবসা কখন করবো বুঝতে পারছি না।’


