স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্সদের মতো তারকাদের ছাড়াই বাংলাদেশ সফরে আসবে অ্যারন ফিঞ্চের দল।
বিশ্বকাপকে সামনে রেখে আগামী আগস্টে টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। কিন্তু, এই সফরে আসছেন না অস্ট্রেলিয়ার শীর্ষ ক্রিকেটারেরা।
বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজে যাবে অস্ট্রেলিয়া। তাই দুই সিরিজকে সামনে রেখেই দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
দুই সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার শীর্ষ ছয় ক্রিকেটার। তাঁরা হলেন—ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ও মার্কাস স্টয়নিস। তাঁরা সবাই এই সফরে তাঁদের না রাখার জন্য অনুরোধ করেছেন। এ ছাড়া চোটের কারণে থাকতে পারছেন স্টিভেন স্মিথও।
তারকাদের না থাকায় দলে প্রথমবার সুযোগ পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার অ্যাশটন অ্যাগারের ছোট ভাই তরুণ পেসার ওয়েস অ্যাগার। এ ছাড়া ফিরেছেন অলরাউন্ডার ড্যান ক্রিস্টিয়ান ও ব্যাটসম্যান বেন ম্যাকডারমট।
মূলত করোনাকালে জৈব-সুরক্ষা বলয়ে থাকার ধকলের কারণে আসছেন না ওয়ার্নাররা। কারণ, আইপিএলে লম্বা সময় বায়ো-বাবলে থাকতে হয়েছে তাঁদের। এরপর দেশে ফিরেও ১৪ দিনের কোয়ারেন্টিন মানতে হয়েছে। এখন আবার দুই দেশে গেলেও মানতে হবে কোয়ারেন্টিন। ফের বিশ্বকাপের সময় কোয়ারেন্টিন। সব মিলে মানসিক ধকল হয়ে যায় বলে নাম সরিয়ে নিয়েছেন তাঁরা।


